
শেষ আপডেট: 28 August 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আরডিএক্সের (rdx in dattapukur) ব্যবহার করা হয়েছিল কি না, সেই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)পদত্যাগ চেয়ে সোমবার বিধানসভা (Westbengal Assembly) অধিবেশন ওয়াক আউট করেন বিজেপির বিধায়কেরা। ইতিমধ্যে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে সিবিআই ও এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি।
শুভেন্দুর অভিযোগ, “দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের যোগ স্পষ্ট। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হতে পারে। সেকারণেই এনআইএ ও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে।“ একই সঙ্গে বিস্ফোরণের অভিঘাত নিয়ে বড় অভিযোগ সামনে এনেছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।
স্থানীয় থানার ওসি ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ নেন বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। তাঁর কথায়, “এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগরা বিস্ফোরণের ১১ দিন পর ঘটনার জন্য ক্ষমা চেয়ে উনি মানুষকে আশ্বস্ত করেছিলেন, এমন ঘটনা আর ঘটবে না। আসলে সবটাই ছিল আইওয়াশ। দত্তপুকুরের ঘটনা সেটা স্পষ্ট করে দিয়েছে।“
এদিন অধিবেশন শুরু হতেই দত্তপুকুর বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। পরে বাইরে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। আজ দুপুরে ঘটনাস্থলে যাবেন বিজেপির বিধায়কদের এক প্রতিনিধি দল।
রবিবার ছুটির সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকূরের মোচপোল গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। পাশের বাড়ির দোতলার ছাদে পাওয়া যায় একটি দেহাংশ। বিস্ফোরণের অভিঘাত যে কত বড় তা এখনও টের পাওয়া যাচ্ছে। ঘটনার ২৪ ঘণ্টা পরে সোমবার সকালে এক প্রতিবেশীর বাঁশ বাগানের পাশে পরে থাকতে দেখা যায় দেহ থেকে ছিন্ন হওয়া মাথা। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল তার থেকে প্রায় ৮০ মিটার দূরে সোমবার সকালে উদ্ধার হয়েছে একটি ছিন্ন হাত। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সব জানলেও নিস্ক্রিয় ছিল। তা না হলে এমন ভয়াবহ বিস্ফোরণ, এত মানুষের মৃত্যু হয়তো এড়ানো যেত।
আরও পড়ুন: শিয়ালদহ মেন শাখার ট্রেন রোজ দেরিতে চলছে, অভিযোগ নিত্যযাত্রীদের, দাঁড়িয়ে থাকছে ৪০-৪৫ মিনিট