দ্য ওয়াল ব্যুরো: পড়া না পারায় ছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল গৃহশিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি হাওড়া জেলার বেলুড়ের গিরিশ ঘোষ রোডের।
বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায় ওই বাচ্চাটি। আপার কেজির ওই ছাত্রকে পড়া ধরেন তার দিদিমণি। কিন্তু পড়া পারেনি সে। আর এটাই ছিল বছর পাঁচেকের ওই পড়ুয়ার অপরাধ। অভিযোগ, পড়া না পারায় ওই শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেন গৃহশিক্ষিকা। শুক্রবার সকালে বাচ্চাটি স্কুলে গেলে তার গায়ে পোড়া দাগ দেখে থানায় খবর দেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এরপরেই সামনে আসে গোটা ঘটনা।
এই ঘটনায় বেলুড় থানায় অভিযোগ দায়ের করেছে বাচ্চাটির পরিবার। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষিকাকে। জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত এ বিষয়ে এক অদ্ভুত সাফাই দিয়ে বলেন, পড়াশোনায় অমনযোগী হওয়ার জন্যই বাচ্চাটিকে মারেন তিনি। তবে খুন্তি গরম ছিল সেটা তিনি জানতেন না।