দ্য ওয়াল ব্যুরো: ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী এবং তীর্থযাত্রীদের নিজেদের রাজ্যে ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার জানিয়েছিল, লকডাউনের মধ্যে ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক, ছাত্রছাত্রী এবং তীর্থযাত্রীদের নিজেদের রাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে। এ ব্যাপারে প্রথমে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকেই বলেছিল পরিবহণের ব্যবস্থা করতে। পাঞ্জাব, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য দাবি জানায়, শ্রমিকদের ফেরাতে ট্রেনের বন্দোবস্ত করুক কেন্দ্রীয় সরকার। এদিন দিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, বিশেষ ট্রেনে করেই ফেরানো হবে ভিন্ রাজ্যে আটকে থাকা লক্ষ লক্ষ মানুষকে।
https://twitter.com/PIBHomeAffairs/status/1256173872472358919
তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ট্রেনগুলিতে যাঁরা ফিরবেন তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোর ভাবে দেখতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উদ্দেশে বলা হয়েছে, এ ব্যাপারে গঠিত নোডাল বডি যেন সবসময় সমন্বয় রক্ষা করে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, শিগগির রেলমন্ত্রক বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে। কী ভাবে টিকিট কাটতে হবে, কোথা থেকে কোথায় যাওয়ার জন্য কবে, কখন ট্রেন ছাড়বে এসবের পুঙ্খানুপুঙ্খ তালিকা দেওয়া হবে তাতে।
এদিনই দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে যাত্রা শুরু করেছে। ভোর সাড়ে চারটের সময় তেলেঙ্গানা থেকে ১০০০ শ্রমিককে নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশে যাত্রা শুরু করেছে একটি বিশেষ ট্রেন। অন্যটি কেরলের এর্নাকুলাম থেকে রওনা দিয়েছে ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশে। জানা গিয়েছে, তেলেঙ্গানা থেকে যে ট্রেনটি ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছে তাতে ২৪টি বগি রয়েছে। ৭২ জনের বগিতে রয়েছেন ৫৪ জন করে শ্রমিক। অর্থাৎ দূরত্ব বজায় রেখেই শ্রমিকদের নিয়ে ট্র্রেনটি যাত্রা শুরু করেছে বলে জানা গিয়েছে।
লকডাউন ঘোষণার পর থেকেই ভিন্ রাজ্যে আটকে পড়া শ্রমিকদের দুর্দশার ছবি সামনে এসেছিল। বাড়ি ফিরতে চেয়ে কোনও যানবাহন না পেয়ে মাইলের পর মাইল হাঁটতে দেখা গিয়েছে শ্রমিকদের। পথে মৃত্যুর ঘটনাও ঘটেছে। লকডাউন চলাকালীন দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনাসে শ্রমিকদের গিজগিজে ভিড় এবং এপ্রিলে বান্দ্রার শ্রমিক বিক্ষোভ নিয়ে ব্যাপক হট্টগোল পড়ে যায় সারা দেশে। বিরোধী দলগুলি দাবি জানায়, ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিকদের হাতে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার। সেইরকম কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্র। তবে বাড়ি ফেরাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।
অনেকের বক্তব্য, শ্রমিকদের এই যাতায়াত কেন্দ্র এবং রাজ্যগুলির কাছে বড় চ্যালেঞ্জ। তার কারণ কেন্দ্রকে যেমন কয়েক লক্ষ শ্রমিককে নিজেদের রাজ্যে.পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে তেমনই তাঁরা রাজ্যে পৌঁছনোর পর রাজ্য সরকারগুলির উপর দায়িত্ব থাকবে ভিন্ রাজ্য থেকে আসা শ্রমিকদের যথাযথ স্ক্রিনিং করা। না হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে। ইতিমধ্যেই যেমন পশ্চিমবঙ্গ.সরকার জানিয়ে দিয়েছে, রাজ্যে শ্রমিকরা ফিরলেও কন্টেইনমেন্ট জোনে ঢুকতে দেওয়া হবে না।