
শেষ আপডেট: 27 September 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো: ধর্মগুরুরা যে যাঁর ধর্মের অনুষ্ঠানে, জমায়েতে উপস্থিত মানুষকে বার্তা দেবেন কীভাবে, কীভাবে মা ও শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে হয় এবং উন্নত সমাজ, দেশ গঠনে তা কতটা এবং কেন গুরুত্বপূর্ণ। তাঁরা প্রচার (UNICEF) করবেন বাল্য বিবাহ রোধে বাবা-মা এবং সমাজের কী করণীয়, কেন অল্প বয়সে বিয়ে (Child Marriages) সকলের জন্যই ক্ষতিকর। আরও বোঝাবেন, এলাকার নারী ও শিশুদের পাচারের হাত থেকে রক্ষা করতে কীভাবে নজরদারী করা দরকার ইত্যাদি।
এমনই একটি পরিকল্পনা নিয়ে এগচ্ছে ইউনিসেফ (UNICEF) এবং পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশুর সুরক্ষায় কম-বেশি সব ধর্মেই নানা উপদেশের কথা বলা আছে। বলা আছে অবশ্য পালনীয় বিধির কথা। এইসব ধর্মীয় পরামর্শগুলিকে একত্রিত করে তৈরি হয়েছে পুস্তিকা। সেগুলি তুলে দেওয়া হবে বিভিন্ন ধর্মের প্রতিনিধি স্থানীয়দের হাতে। যাতে তারা যে কোনও জমায়েতে মানুষকে এই সব বিষয়ে সতর্ক করতে পারেন।

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা হয়। সেখানে রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ধর্মীয় নেতাদের ঈশ্বরের বার্তা বাহক হিসাবে সম্মোধন করে বলেন, ওঁদের কথা সাধারণ মানুষ শোনেন, মানেন। স্বাস্থ্যবিধি পালনেও ওঁদের সাহায্য দরকার। সেই সঙ্গে রাজ্যে বাল্য বিবাহের হার উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এই ব্যাপারে ধর্মগুরুরা মানুষকে সচেতন করে তুলতে পারেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু গিল্ডের ‘শারদ বই পার্বণ’, বুধবার গঠিত হল নতুন কর্মসমিতি
অনুষ্ঠানে ইউনিসেফের (UNICEF) প্রধান মহম্মদ মহিউদ্দীন বলেন, সম্প্রতি শ্রীলঙ্কায় সার্ক ভুক্ত দেশগুলির এক বৈঠকে ধর্মগুরুদের স্বাস্থ্য বিধি প্রচারের কাজে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান বিভিন্ন ধর্মের বাণী সম্মলিত পুস্তিকাগুলি ইংরিজি, হিন্দি, উর্দু ও নেপালিতে অনুবাদ করে ধর্মগুরুদের কাছে পৌঁছে দেওয়া হবে।