দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের উলেন রায় হত্যা মামলায় এবার নয়া মোড়। ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশের নির্দেশ দিল জলপাইগুড়ি সিজেএম আদালত। এর পরেই উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত কাণ্ডে স্ট্র্যাটেজি বদলাল বিজেপি লিগাল সেল।
উলেন রায়ের দেহ পুনরায় ময়নাতদন্ত কাণ্ডে জলপাইগুড়ি জেলা জজের রিপোর্ট চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে আবেদন করার কথা ছিল বিজেপির। কিন্তু অভিযোগ, গতকাল পর্যন্ত জেলা জজের রিপোর্ট সাইটে আপলোড না হওয়ায় গত শুক্রবার জলপাইগুড়ি জেলা জজ লিখিত আকার ঠিক কী নির্দেশ দিয়েছিল, তা পুরোপুরি বুঝে উঠতে পারেননি উলেন রায়ের পরিবারের আইনজীবী ও বিজেপি লিগাল সেলের সদস্যরা।
আজ, সোমবার সেই নির্দেশ দেখার পরে তাঁরা সিদ্ধান্ত নেন, ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী আছে তা জানতে চেয়ে জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম-এর এজলাসে পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করার জন্য নতুন করে আবেদন জানাবে উলেন রায়ের পরিবার।
সেই আবেদনের শুনানির সময় বেঁকে বসে সরকার পক্ষ। ফলে দু'পক্ষের মধ্যে শুরু হয়ে যায় তীব্র সওয়াল। জানা গেছে, পরে আদালত আগামীকালের মধ্যে এনজেপি থানার পুলিশকে নির্দেশ দেন ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে।
উলেন রায়ের পরিবারের পক্ষে আইনজীবী সৌজিত সিংহ বলেন, "গতকাল পর্যন্ত আমরা জেলা জজের নির্দেশ দেখতে না পেয়ে আজ হাইকোর্ট পুনরায় ময়নাতদন্তের আবেদনের বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নিই। আগে আমরা দেখি ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ যা বলছে সেইমতোই আছে কিনা। তাই রিপোর্ট জানতে চেয়ে আমরা আজ ফের সিজেএম-এর আদালতে ময়নাতদন্তের রিপোর্ট পেশের জন্য নতুন করে আবেদন করি, সরকার পক্ষ তাতে বাধা দেয়। কিন্তু বিচারক দু'পক্ষের কথা শুনে এনজেপি থানার পুলিশকে আগামীকালের মধ্যে ময়নাতদন্তের রিপোর্টে আদালতে পেশের নির্দেশ দেয়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ফের সিদ্ধান্ত নেব।"
এই ঘটনায় জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় ভট্টাচার্য দাবি করেন, মূল যে আবেদন ছিল তা নিয়ে আজ কোনও শুনানিতে অংশগ্রহণ করেননি উলেন রায়ের পরিবার। উল্টে তাঁরা আজ ফের নতুন করে আবেদন করেন, গত ৭ ডিসেম্বর উলেন রায়ের যে ময়নাতদন্ত হয়েছিল তার রিপোর্ট আদালতে পেশ করা হোক এই মর্মে। আদালত দু'পক্ষের কথা শুনে আগামীকাল পুনরায় আবেদনের শুনানির পাশাপাশি আগামীকাল এনজেপি থানার পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট পেশের নির্দেশ দেন বলে জানান তিনি।