
উদয়ন গুহ
শেষ আপডেট: 19 August 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আবার বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। বললেন, "শহরের জিন্স পরা মহিলাদের মদের ঠেক ও লটারির বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যায় না।" আঙ্গুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এভাবেই আরজি করের নির্যাতিতার পাশে দাঁড়ানো আন্দোলনরত মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ।
রবিবার দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন "গ্রামে মদের ঠেক বা লটারি দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন। কোনও জিন্স প্যান্ট পরিহিতা মহিলা সেখানে আন্দোলন করে না। কারণ সেই আন্দোলন কোনও টিভিতে দেখা যায় না। এই মহিলারা সে সব আন্দোলনই করেন যেগুলো টিভিতে দেখা যায় বা ইংরেজি পত্রিকায় ওঠে।"
এখানেই থামেননি উদয়ন। বলেন, "শুধু মৃত মানুষের জন্য আন্দোলন না করে যে সমস্ত জিনিস জীবিত মানুষকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ লটারি বা মদ তাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন।"
শনিবার সন্ধেয় কোচবিহারের গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের জমায়েত ছিল। এখানেই বেফাঁস মন্তব্য করেছিলেন রাজ্যের এই মন্ত্রী। বলেছিলেন, "আরজি করকে সামনে রেখে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন, আঙুল তুলছেন, সেই আঙুলগুলিকে ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না। যাঁরা আঙুল তুলে মমতার পদত্যাগ দাবি করছেন, সেই আঙুল খুঁজে বের করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে।"
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও রবীন্দ্রনাথ ঘোষ-সহ অন্য তৃণমূল নেতারাও এই সভায় উপস্থিত ছিলেন।