
Udayan Guha
শেষ আপডেট: 14 March 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভোট চাইতে এলে বিজেপি কর্মীদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ময়নাগুড়ির গর্জন সভায় বিজেপির বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন তিনি।
ময়নাগুড়ির এই গর্জন সভা থেকেই উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখার আগে এই সভাতেই বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন উদয়ন। বললেন, "বিজেপি কর্মীরা ভোট চাইতে এলে তাঁদের জিজ্ঞেস করুন লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় প্রকল্প বিজেপি শাসিত রাজ্যগুলিতে আছে কি? যদি উত্তর দিতে না পারে তবে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন।"
এই নির্বাচনে যারা বিজেপির হয়ে কাজ করবে তাদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ারও পরামর্শ দিলেন তিনি। বললেন, "ওষুধে জিএসটি বসিয়েছে কেন্দ্র। দেওয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ মানুষের। মোদী সরকার গৃহস্থবাড়ির রান্নাঘরেও আগুন লাগিয়ে দিয়েছে। দিদি মানুষকে বাঁচাতে, মা বোনদের বাঁচাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। চোরাপথে পিছনের দরজা দিয়ে মোদী সরকার মানুষের প্রাপ্য ছিনিয়ে নিতে চাইছে। ওরা ভোট চাইতে এলেই ওদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিন।"
উদয়নের এই মন্তব্যে ফের বিতর্ক জলপাইগুড়িতে।