
শেষ আপডেট: 5 January 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। সেখানেই দিনহাটা থানার আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বললেন, “টাকা পান, তাই ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে অভিযান চালান না। এমনকি গোটা মহকুমায় গাঁজা কাটার অভিযান চললেও ভেটাগুড়িতে গাঁজার বিরুদ্ধে কোনও অভিযান হয় না।” দিনহাটা থানার সামনে এক প্রতিবাদ সভায় এমনই মন্তব্য করলেন উদয়ন।
বৃহস্পতিবারই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষা কবচের আবেদন নাকচ করে দেয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথ প্রমানিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপরেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামাণিকের রক্ষাকবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষা কবজের আবেদন নাকচ করে দিয়ে ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রক্ষা কবজ নাকচ হয়ে যাওয়ায় চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবে।
এরপরেই তৃণমূল কংগ্রেস নেতা আবু মিয়াঁ খুনের মামলায় নিশীথ প্রামাণিককে গ্রেফতারের দাবিতে সরব হয় তৃণমূল। শুক্রবার দিনহাটা থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেমে দিনহাটা থানার আইসি সুরজ থাপাকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন উদয়ন গুহ দাবি করেন, নিশীথের বাড়িতে অভিযান চালানো হলে যদি বেআইনি অস্ত্র, টাকা উদ্ধার না হয় তাহলে তিনি মন্ত্রীত্ব ছেড়ে দেবেন। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিনহাটা এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য দলের মহিলাদের নির্দেশ দেন।