
শেষ আপডেট: 25 April 2023 06:11
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: দুই স্কুলছাত্রের (Two student) উপস্থিত বুদ্ধিতে এড়ানো গেল বড়সড় ট্রেন দুর্ঘটনা (train accident)। বীরভূমের লোহাপুর স্টেশনে ঢোকার আগেই রেললাইনে একটি ফাটল (crack on the train track) দেখা দিয়েছিল। সামান্য নয়, বেশ অনেকটাই বড় ফাটল। দুই ছাত্রের নজরে পড়তেই তারা সঙ্গে সঙ্গে খবর দেয় রেলগেটে থাকা রক্ষীকে। কর্তৃপক্ষের সঙ্গে খবর আদানপ্রদান হতেই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি।

সোমবার বিকেলে রামপুরহাট-আজিমগঞ্জ লোকাল লক্ষ্মীপুর স্টেশন ছেড়ে সবে বেরিয়ে গিয়েছে। গন্তব্য আজিমগঞ্জ। লোহাপুরের কাছে রেলগেট দিয়ে পারাপার করার সময় ক্লাস টুয়েলভের দুই পড়ুয়ার চোখে পড়ে রেললাইনে মস্ত ফাটল। দেরি না করে সঙ্গে সঙ্গে তারা ছুটে গিয়ে রেলগেটের রক্ষীদের খবর দেয়। সঙ্গে সঙ্গে রেললাইনে লাল কাপড় (red flag) টাঙিয়ে দেওয়া হয়। লাল কাপড় দেখেই দাঁড়িয়ে যায় আজিমগঞ্জগামী লোকাল ট্রেনটি। তারপর প্রায় আধঘন্টা ট্রেন দাঁড় করিয়েই চলে লাইন মেরামতের কাজ। আধঘণ্টা পর আবার ছাড়ে ট্রেনটি। এই দুই স্কুলছাত্রের প্রশংসায় পঞ্চমুখ রেল কর্তৃপক্ষ মনে করছে তারা সময়ে সতর্ক হওয়াতেই বড় দুর্ঘটনা রুখে দেওয়া গেছে।
বীরভূমের তৈহার গ্রামের বাসিন্দা এই দুই পড়ুয়ার নাম জয়রাম মাল এবং গৌরব মাল। তারা দুইজনেই লোহাপুর এমআরএম হাইস্কুলের ছাত্র। লোহাপুরের স্টেশন ম্যানেজার সাহিদুল ইসলাম বলেন, “দুই ছাত্রের কাছে রেলগেটের রক্ষীরা এই খবর পাওয়ার পরেই ট্রেনটিকে লোহাপুর ঢোকার মুখে দশ নম্বর গেটের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়। না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই দুই ছাত্রের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”
নষ্ট হতে পারে তথ্যপ্রমাণ, কালিয়াগঞ্জে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় দ্রুত শুনানির আর্জি হাইকোর্টে