
শেষ আপডেট: 13 March 2023 09:26
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শাসক দলের দুই নেতার উতপ্ত বক্তৃতায় এবার অশান্তি ছড়াল মেমারিতে (Memari)। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
তিনদিন আগে মন্তেশ্বরের বিধায়ক, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury) মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের বিরুদ্ধে বিষোদগার করেন। সেই বক্তৃতা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরই প্রতিবাদে ময়দানে নামেন মহম্মদ ইসমাইল। তাঁর নেতৃত্বে সাতগাছিয়া বাজারে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে মিছিল হয়। রবিবার পাল্টা সভা হয় মেমারি ২ নম্বর ব্লকের বিলবাড়ি ও ঝিকরা গ্রামে।ওই সভায় উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
অভিযোগ, সভা শেষে ফেরার পথে মহম্মদ ইসমাইলের অনুগামীরা হামলা চালায়। মারধর করা হয় মেমারি ২ নম্বর ব্লকের বড়পলাশন ২ নম্বরের অঞ্চল সভাপতি গফর মল্লিককে। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী হিসেবেই তিনি পরিচিত। মেমারি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহসিন মণ্ডলের দাবি, পঞ্চগ্রাম সমবায়ের টাকা নয়ছয় হয়েছে। সমবায়ের সেক্রেটারি ও ডিইরেক্টর গফর মল্লিক। তাই তাঁর নাম জড়িয়েছে। এটা নিয়ে রবিবার গ্রামের লোকজন বলতে গেলে গফর মল্লিকের লোকজন মারধর করে।
অভিযোগ-পাল্টা অভিযোগ চলছেই। তাতেই বাড়ছে আঁচ। এমনকি বিতণ্ডা গড়িয়েছে মারপিট পর্যন্ত। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘দল গোটা বিষয়টি দেখছে। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বৈঠক ডেকেছেন। সেখানে এই নিয়ে নিশ্চয় আলোচনা করা হবে।’’
ফুরফুরায় তৃণমূল বিধায়ককে দেখে 'চোর চোর' স্লোগান, ক্ষুব্ধ শওকতের নালিশ ধর্মগুরুদের