দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, খুনের অভিযোগ পরিবারের
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনায় মৃত্যু হল দুই পথচারী যুবকের, আহত আরও একজন। শনিবার রাতে কাঁথি-শৌলা রাস্তার নয়াপুটে ভারতীয় স্টেট ব্যাঙ্কের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে মৃতদের এক জনের বাড়ি জুনপুট উপকূল
শেষ আপডেট: 19 January 2020 09:21
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনায় মৃত্যু হল দুই পথচারী যুবকের, আহত আরও একজন। শনিবার রাতে কাঁথি-শৌলা রাস্তার নয়াপুটে ভারতীয় স্টেট ব্যাঙ্কের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে মৃতদের এক জনের বাড়ি জুনপুট উপকূল থানার জানুবাসান গ্রামে, তাঁর নাম রঞ্জিত গিরি (৩২)। আর এক জনের বাড়ি জগন্নাথপুর গ্রামে, তাঁর নাম গনেশ মাইতি (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপুটে রাজ্য সড়কের উপরে ভারতীয় স্টেট ব্যাঙ্কের একটি শাখা আছে। তার কাছেই রয়েছে একটি ক্লাব। স্থানীয় একটি মেলা দেখে ফেরার পথে শনিবার রাতে ওই জায়গায় রাস্তার উপরে তিন যুবক দাঁড়িয়ে ছিলেন। রাত হয়ে যাওয়ায় রাস্তাটি ফাঁকাই ছিল। আচমকাই একটি পিকআপ ভ্যান এসে ওই তিনজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পড়ে ছিলেন তিন যুবক। ঘটনার অন্তত ঘণ্টা খানেক পরে স্থানীয়রা আহতদের দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য একজনের আঘাতও গুরুতর। আহতের নাম সন্দীপ রানা, বয়স ৩২ বছর। সন্দীপের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করা হয়।
পিকআপ ভ্যানের ধাক্কাতেই যে দুর্ঘটনা সে কথা জানিয়েছেন আহত সন্দীপ। ঘটনার কথা জানার পরে পরেই মৃতদের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়। খুন করা হয়ে থাকতে পারে – এমন কথা চাউর হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার লোকজন। অপরাধীকে গ্রেফতারের দাবিতে রাজ্য সড়কের উপরে সকাল এগারোটা নাগাদ অবরোধ শুরু হয়। তাতে আটকে পড়ে একটি স্কুলের রজতজয়ন্তী বর্ষের শোভাযাত্রা। সমস্যায় পড়েন পরীক্ষার্থীরাও। রবিবার হলেও স্থানীয় কলেজে এদিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল। অবরোধের ফলে আটকে পড়েন বাসযাত্রীরাও।
পুলিশ এসে ঘাতক গাড়িটিকে খুঁজে বার করার আশ্বাস দিলে বেলা একটার পরে অবরোধ উঠে যায়।