
শেষ আপডেট: 1 March 2023 12:10
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: অ্যাডেনোভাইরাসের (Adenovirus) উপসর্গে দুই শিশু মৃত্যুর (Child Death) কথা স্বীকার করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। একই উপসর্গে আরও ৬৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার ডা: সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, অ্যডেনোভাইরাস নিশ্চিত না হলেও যে শিশু দুটির মৃত্যু হয়েছে তারা অ্যাডেনোভাইরাসের উপসর্গেই আক্রান্ত হয়েছিল। মৃত শিশুদের একজনের বয়স ১ মাস ও অন্যজনের বয়স ৫ মাস। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন শিশুকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আউটডোরে অ্যকিউট রেসপিরেটারি ইনফেকশান ইউনিট খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য জুড়ে ক্রমশই বাড়ছে অ্যাডেনোভাইরাস সংক্রমণ। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু মৃত্যুর ঘটনাও ঘটছে। মূলত জ্বর সর্দি কাশি ও প্রবল শ্বাসকষ্টর উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে এই শিশুরা। কারও কারও পেটের সমস্যাও হচ্ছে। দুই শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, দফায় দফায় বৈঠক করে রাজ্য স্বাস্থ্য দফতরের অ্যাডভাইসারি কার্যকর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের আউটডোরে এই ধরনের উপসর্গ থাকা রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় আউটডোরে পৃথক একটি অ্যকিউট রেসপিরেটারি ইনফেকশান ইউনিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মেডিক্যাল কলেজই নয় নজর রাখা হচ্ছে জেলার সুপার স্পেশালিটি হাসপাতাল ও অন্যান্য সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোর উপরেও। মজুত রাখা হচ্ছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ওষুধও।
দুটি শিশুর মৃত্যুর খবর জানাজানি হতে আতঙ্ক ছড়িয়েছে ভর্তি থাকা অন্য শিশুদের অভিভাবকদের মধ্যেও। তবে আতঙ্কগ্রস্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞরা।
লাভপুরের আবাসিক স্কুলে ছাত্রীর মৃত্যু, অভিভাবকদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র