
শেষ আপডেট: 17 March 2019 16:04
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৩ মাইল বনাঞ্চল থেকে দু'টি বাইসন দামসিবাদ ডাঙাপাড়া এলাকায় ঢুকে পড়ে। বাইসন দেখে গ্রামবাসীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ এবং বন দফতরের কর্মীরা ওই গ্রামে যান। গ্রামবাসী এবং বনকর্মীদের তাড়া খেয়ে ওই বাইসন দু'টি তুরতুরি গ্রাম পঞ্চায়েতের জামা পান্না পাড়ায় ঢুকে পড়ে।
তখনই ঈশান ওঁরাও নামের গ্রামবাসীর উপরে হামলা চালায় একটি বাইসন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে বাইসন দুটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা করেম বনকর্মীরা।
তখনই গুলি খেয়ে একটি বাইসন ছুটে গিয়ে বিশ্বজিৎ দেবনাথ নামের এক সিভিক সিভিক ভলান্টিয়ারের বুকের ডান দিকে শিং দিয়ে গুঁতিয়ে দেয়। গুরুতর জখম অবস্তায় বিশ্বজিৎকে জেলা হাসপাতালে পাঠানো হয়।
এর পরেই বাইসন দু'টি ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে পড়ে। তার পরে গাড়িতে তুলে তাদের জঙ্গলে নিয়ে যান বনকর্মীরা। এই ঘটনায় গোটা এলাকার গ্রামবাসী রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। বাইসনের আতঙ্কে খেতের কাজ বন্ধ করে পালিয়ে যায় চাষিরা। কার্যত নাওয়া-খাওয়া বন্ধ হয়ে থাকে গোটা গ্রামে। বনকর্তারাও ঘটনাস্থলে যান পরে।