
শেষ আপডেট: 9 May 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাসপাতালের পুরনো বিল্ডিং মেরামত করার সময় নীচে ছিটকে পড়ল কুড়ি ফুটের লোহার জলের পাইপ (Water Pipe)। এই ঘটনায় দু’জন জখম হন। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বেশ কয়েকজন রোগী ও তাঁদের আত্মীয়রা।
মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া জেলা হাসপাতাল (Howrah Hospital Incident) চত্বরে। প্রতিবাদ জানিয়েছে, সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান হাসপাতালে আসা মানুষজন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওড়া জেলা হাসপাতালের একটি অংশে জলের পাইপ সারানো কাজ চলছে। নিরাপত্তার কোনও ব্যবস্থাই রাখা হয়নি। সেফটি গার্ড ছাড়াই এদিন দু’জন দিনমজুর পাইপ বদলাতে উপরে উঠেছিল। কাজ চলার সময় ছিটকে পড়ে যায় লোহার কুড়ি ফুটের পাইপ। তখন নীচে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। তাঁদের আঘাত লাগে। দু’জন গুরুতর জখম হন।এক রোগীর আত্মীয়ের অভিযোগ, ওই দুই দিনমজুর নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাদের কোনও সেফটি গার্ড ছিল না।
হাওড়া জেলা হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায় জানান যেখানে কাজ হচ্ছিল সেই জায়গা দড়ি দিয়ে ঘেরা ছিল। যারা জখম হয়েছেন তাদের আঘাত সামান্য। পূর্ত দফতরের ঠিকাদাররা কাজ করছে। তাই পূর্ত দফতরের কাছেই এই বিষয়ে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
স্কুল থেকে খোয়া গেছে হাজিরা খাতা, শিক্ষিকার বিরুদ্ধে থানায় নালিশ কালনায়