
শেষ আপডেট: 11 April 2023 12:22
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাংলার নাম উজ্জ্বল করল ট্রিপলেট (Triplet) বোন। তাইকোন্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে (taekwondo national championship) ব্রোঞ্জ (bronze) জয় কুলটির তিন বোনের। সুচেতা চট্টোপাধ্যায়, রঞ্জিতা চট্টোপাধ্যায় ও সুপ্রীতা চট্টোপাধ্যায়। রাজস্থানের কোটায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলার হয়ে লড়েছে এই তিন কন্যা।
গত ২৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজস্থানের কোটাতে ৩৬ তম ন্যাশনাল সাব জুনিয়ার ইউরোজি এবং ১০ তম ন্যাশনাল সাব জুনিয়ার তাইকোন্ড চ্যাম্পিয়নশিপ - ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতার আয়োজক ছিল রাজস্থান তাইকোন্ড অ্যাসোসিয়েশন ও তাইকোন্ড ফেডারেশন অফ ইন্ডিয়া। রাজ্যস্তরে আগেই সোনাজয় করেছিল কুলটির এই তিন বোন। এবার বাংলার নাম উজ্জ্বল করল। স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগোল৷ এবার লক্ষ্য ইন্টারন্যাশনাল।
কুলটির ডিসেরগরের বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক বামাপ্রসাদ চট্টোপাধ্যায় ও সুনেত্রা চট্টোপাধ্যায়ের তিন কন্যা। তারা ট্রিপলেট। মা বাবার উদ্যোগেই আড়াই বছর আগে শুভ গঙ্গোপাধ্যায়ের কাছে তাইকোন্ড প্রশিক্ষণ নিতে শুরু করেন এই তিন খুদে।
তাইকোন্ডর পাশাপাশি পড়াশোনায় ও ভালো এই তিন কন্যা। আসানসোল ডিসেরগড় এসডি হাই স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী তারা। বাবা বামাপ্রসাদ চট্টোপাধ্যায় বলেন, 'মেয়েদের জন্য গর্ব হয়। ওরা আমাদের স্বপ্নপূরণ করেছে। তবে স্বপ্নের তো সীমা থাকে না। ন্যাশনালের পর এবার ইন্টারন্যাশনালের স্বপ্ন দেখছি। ওদের আরও ভালো করে প্রশিক্ষণ দেব, যাতে ওরা ইন্টারন্যাশনাল খেলতে পারে।'
শিক্ষক শুভ গাঙ্গুলি জানান, 'ওদের আরও ভাল করে প্রশিক্ষণ দেব। তৈরি করব ইন্টারন্যাশনালের জন্য।' পাশাপাশি তিনি জানান, বাচ্চাদের যেকোনও স্পোর্টস শেখা উচিত, তাতে শরীর ফিট থাকে।
ব্রোঞ্জ জয়ে খুশি রঞ্জিতা নিজেও। জানায়, 'খুবই আনন্দ হচ্ছে। আশা করব, কুলটির আরও মেয়েরা এভাবেই তাইকোন্ড শিখবে ও আমাদের মত এগিয়ে যাবে।'
তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই, খবর জানাজানি হতেই পোলবায় শোরগোল