
শেষ আপডেট: 16 June 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো,পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়া হচ্ছে না বিধায়কের। শেষমেষ লিখে ফেলা দেওয়াল মোছার তোড়জোড় মহিষাদলে। যদিও তিলক চক্রবর্তী বলছেন, বিধায়ক হয়ে তিনি এবার পঞ্চায়েত সমিতিতে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে জানিয়েছিলেন দলকে। তাই দল তাঁর টিকিট অনুমোদন করেনি।
বিধায়ক প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে মহিষাদলের কিসমত নাইকুন্ডি অঞ্চলে তাঁর নামে দেওয়াল লিখনের কাজে শুরু করে দিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু গতকাল মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হতে দেখা যায় তিলক চক্রবর্তী তাঁর মনোনয়ন জমা দেননি। সুত্রের খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেয়নি দল। যদিও এ ব্যাপারে তিলক চক্রবর্তীর সাফাই, তিনি নিজে প্রার্থী হতে চাননি। তিনি বলেন, “টানা ছ’বার মহিষাদল পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে জিতেছি আমি। বিধায়ক হয়ে এবার আর পঞ্চায়েত সমিতিতে দাঁড়াতে চাই না।”
তাঁর নামে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। প্রার্থী না হওয়ায় এবার মোছার পালা। তিলকের দাবি, উৎসাহী তৃণমূল কর্মীরা চেয়েছিলেন তিনি প্রার্থী হন। তাই তাঁরা অতি উৎসাহে দেওয়াল লিখেছেন।
এদিকে তিলকের দাবিকে মিথ্যা বলে অভিযোগ করেছেন বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতা বিশ্বনাথ ব্যানার্জি বলেন, “ছ’বার নয়, পাঁচবার পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন তিলক চক্রবর্তী।” বিজেপির কটাক্ষকে অবশ্য গুরুত্ব দেননি মহিষাদলের তৃণমূল বিধায়ক।
যুব তৃণমূল নেতার আগাম জামিন খারিজ, জলপাইগুড়ির দম্পতির আত্মহত্যার মামলায় অভিযুক্ত