
শেষ আপডেট: 17 January 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তোলাবাজির অভিযোগে আবারও বিদ্ধ তৃণমূল কংগ্রেস ( TMC )। এবার নাজিরগঞ্জের শালিমার পেন্টস ( Shalimar Paints) কারখানা থেকে মোটা টাকা চাওয়ার অভিযোগ। কাঠগড়ায় স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা সাজ্জাদ আলি শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বিরোধীরা সবসময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কাটমানি নেওয়া ও তোলাবাজির অভিযোগ করে। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে দলের নেতাদের সতর্ক করেছেন। তারপরও শালিমারের রঙের কারখানা থেকে তোলা চাওয়ার অভিযোগ উঠল দলের নেতার বিরুদ্ধেই।
ঘটনার সূত্রপাত ১৫ জানুয়ারি। অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সাজ্জাদ আলি শেখ কারখানার সিকিউরিটি অফিসারকে ফোন করে মোটা টাকা তোলা চান। টাকা না দিলে সম্পত্তি নষ্ট ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনের পরদিন সাজ্জাদ আলি শেখের দলবল সশস্ত্র অবস্থায় কারখানার ভিতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। ওইদিন নিরাপত্তাকর্মীদের কাছে তারা দাবি করে, সবরকম বরাত তাদের দিতে হবে। কারখানার লরিচালকদের কাছ থেকেও তোলা চাওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে কারখানার অফিসার ও কর্মীরা আতঙ্কে ভুগছেন।
বাড়িতে ঢুকে ছাত্রের যৌনাঙ্গ কেটে দিয়ে পালাল দুষ্কৃতীরা! চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে
শালিমার পেন্টস কর্তৃপক্ষের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। সাজ্জাদ আলি শেখ নিজেকে দক্ষিণ হাওড়া মাইনরিটি সেলের সহ সভাপতি বলে দাবি করেছেন। তিনি বলেন, “ অভিযোগ ভিত্তিহীন। শালিমার পেন্টস কর্তৃপক্ষ কর্মচারীদের বকেয়া প্রাপ্য দেয়নি। কারখানার মালপত্র রাতের অন্ধকারে বিক্রি করে দিচ্ছে।” তিন জানান, কর্মচারীদের হয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরেই তিনি বলেন, ‘টাকা চাওয়া কিংবা হুমকি দেওয়ার প্রমাণ দিক কারখানা কর্তৃপক্ষ।’
দলের নেতার বিরুদ্ধে তোলা চেয়ে ফোনের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “এ ধরনের কোনও কার্যকলাপ রেয়াত করে না। দল এর বিরুদ্ধে। তোলাবাজি বা গুন্ডামি করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। দল এর মধ্যে ঢুকবে না।” এতে দলের বদনাম হচ্ছে না কি? অরূপ বলেন, ‘পাড়ার তোলাবাজের জন্য দলের বদনাম হয় না।’