
শেষ আপডেট: 7 April 2023 05:50
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: দিনের আলোয় ভরা বাজারে গুলি করে খুন করা হল এক তৃণমূল নেতাকে (Trinamool leader)। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য হাঁসখালির (Hanskhali) রামনগরে। নিহত তৃণমূল নেতার নাম আমোদ আলী বিশ্বাস (৪৫)। তিনি রামনগর বড় চুপড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি পদে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাজার করার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন আমোদ আলী। রামনগর বড় চুপড়িয়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এই সময় মোটরবাইকে আসা ৫ জনের একটি দুষ্কৃতী দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই অবস্থাতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিছুদূর দৌড়েও যান। তখনই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। ওই তৃণমূল নেতা লুটিয়ে পড়তেই মোটরবাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। সকালবেলা ভরা বাজারে এমন দুঃসাহসিক হামলায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন তাঁরা। খবর পেয়ে আসে হাঁসখালি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কী কারণে তাকে গুলি করে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের স্থানীয় নেতৃত্বের ধারণা ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হয়েছেন আমোদ আলী। এর পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। কী কারণে খুন তার রহস্য ভেদ করতে সবদিকই খতিয়ে দেখা হবে।
স্বামী, কন্যা-সহ তৃণমূল নেত্রীকে কুপিয়ে মারল দুষ্কৃতীরা, হাড়হিম করা কাণ্ড শীতলকুচিতে