
শেষ আপডেট: 12 September 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: নোটবন্দি থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়ার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায় এরাজ্যে শাসকদল তৃণমূলকে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে বঙ্গ বিজেপিকে আক্রমণের প্রধান হাতিয়ার বদলে ফেলতে পারে তৃণমূল (Trinamool is campaigning against BJP)! এদিন দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে তেমনই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক।
এদিন বাঁকুড়ায় দলেরই একাংশ নেতা, কর্মীর হাতে বঙ্গ বিজেপির প্রবীণ নেতা তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের তালাবন্দি হয়ে থাকার ঘটনা সামনে এসেছে। যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে নেতা, কর্মীরা ঘরের মধ্যে ঢুকিয়ে তালাচাবি বন্ধ করে রেখেছিলেন, তা নিয়ে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও।
আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ওই প্রসঙ্গেও এদিন সরব হন তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, অভিষেকের প্রসঙ্গটি এদিনের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেতৃত্ব ফের সামনে আনলেও মূল এজেন্ডা ছিল বিজেপির হাতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর ঘেরাও হয়ে থাকার বিষয়টি। ওই মহলের মতে, ইডির তলবের কথা গত সপ্তাহেই অভিষেক নিজেই জানিযে টুইটে প্রতিবাদ করেছিলেন। এমনকী সোমবার এবিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রীও।
রাজনৈতিক মহলের এমন সম্ভবনার কথা অনেকাংশে মেনে নিয়েছেন শাসকদলের নেতৃত্বও। তাঁরা বলছেন, “বিজেপির মন্ত্রী নিজের দলের নেতা, কর্মীদের হাতেই তালাবন্দি। এর থেকে বড় ঘটনা আর কিছু কী হতে পারে? যাঁরা জানেন না, তাঁদের সকলকে দায়িত্ব নিয়ে এই বিষয়টা তো জানাতে হবেই!”
শশী পাঁজার দাবি, “এমনি এমনি তো আর মন্ত্রীকে কর্মীরা ঘিরবেন না৷ নিশ্চয়ই কিছু ঘটনা আছে! বিষয়টি খতিয়ে দেখা দরকার৷”
আরও পড়ুন: ম্যাথু স্যামুয়েলকে সিবিআইয়ের তলব, পুজোর মুখে নারদ কাণ্ডে গতির সম্ভবনা