দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতার কাছেই ব্যারাকপুরে গুলিবিদ্ধ এক বিদায়ী মহিলা কাউন্সিলর! পুলিশ জানিয়েছে, উত্তর ব্যারাকপুর পুরসভার ওই কাউন্সিলরের পায়ে গুলি লেগেছে, তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর চম্পা দাসকে এদিন সন্ধ্য়ায় গুলি করে দুষ্কৃতীরা। জানা গেছে, ইছাপুর মায়াপল্লী এলাকায় নিজের বাড়িতেই ছিলেন তিনি। আচমকা চার জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দু'টি মোটরবাইকে করে এসে তাঁর দিকে নিশানা করে গুলি চালায়। তাঁর বাঁ পায়ে দুটি গুলি লেগেছে। গুলির শব্দে বাড়ির সকলে বেরিয়ে এলে চম্পট দেয় তারা।
চম্পা দেবীকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরে কলকাতায় পাঠানো হয় তাঁকে। ঘটনাস্থলে যুগ্ম পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ পৌঁছয়। কে বা কারা এই ঘটনায় যুক্ত খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে তৃণমূলের অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতকারীরা এই কাজ করছে।