
শেষ আপডেট: 17 October 2023 00:02
মালদহ: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ক্ষত এখনও দগদগে। তারই মাঝে ফের ব়্যাগিংয়ের অভিযোগে আত্মঘাতী এক আদিবাসী ছাত্র। এমনটাই দাবি, মৃত ছাত্রের পরিবারের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগে সরব হয়েছেন উত্তম মারডি(২২) নামে মৃত ওই ছাত্রের পরিবার।
ইতিমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রের পরিবার। বিষয়টি জানানো হয়েছে পুলিশকেও। পরিবার সূত্রের খবর, উত্তমের বাড়ি মালদহের গাজলের শীসাডাঙ্গা এলাকায়। গত ৩ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পিএইচডি নিয়ে ভর্তি হয় উত্তম। বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই আপাতত থাকছিল ওই ছাত্র। কিন্তু ভর্তি হওয়ার পর থেকেই নাকি ওই ছাত্রের সঙ্গে অশালীন আচরণ শুরু করে সিনিয়র কয়েকজন, এমনই অভিযোগ করেছেন মৃত ছাত্রের পরিবার।
দু'দিন আগে ওই ছাত্র মালদহের গাজোলের গ্রামের বাড়িতে ফিরে আসে। সে কিছুতেই আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাইছিল না। সোমবার বাড়ির বাথরুম থেকে মৃত ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ছাত্রের জেঠু জোনাস মারডি পুলিশকে অভিযোগে জানিয়েছেন, ভালো মার্কস নিয়ে তার ভাইপো উত্তম মারডি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিল। কিন্তু তার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করার সুযোগ পেয়ে যাওয়ায় সেখানে হোস্টেলে থেকেই পড়াশোনার শুরু করে। কিন্তু এক সপ্তাহের মধ্যে ভাইপো হঠাৎ করে হস্টেল ছেড়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে থাকতে শুরু করে। কোনোভাবেই সে আর হস্টেলে যেতে চাইছিল না। কিন্তু মাঝেমধ্যে হস্টেলের কিছু সিনিয়রেরা ভাইপো উত্তমকে ফোন করে ডেকে পাঠাতো। এরপরই দুদিন আগে উত্তম মালদার গ্রামের বাড়িতে চলে আসে।
জোনাস মারডির কথায়, “উত্তম বলেছিল হস্টেলের সিনিয়র কিছু ছেলেরা তার উপর অমানবিক আচরণ করছে। সেটা সে আর সহ্য করতে পারছে না। আমরা ভাইপোর কথা অতটা বুঝতে পারেনি। ওকে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাও। ভাল করে পড়াশোনা করো। কিন্তু তারপরেই এই অঘটনটা ঘটিয়ে ফেললো।” গাজোল থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।