
শেষ আপডেট: 6 July 2022 14:38
দ্য ওয়াল ব্যুরো: ঝড় নেই, জল নেই হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মস্ত বড় গাছ! গাছটির নীচেই রাস্তার একপাশে দাঁড় করানো ছিল দুটি গাড়ি। দেখা যায়, দুটি গাড়িই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন একটি গাড়ির চালক। বুধবার সল্টলেকের (Saltlake) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, আজ সল্টলেকের (Saltlake) ১৩ নম্বর ট্যাঙ্ক এলাকায় বিএসএনএল অফিসের ঠিক সামনে রাস্তার ধারে দাঁড় করানো দুটি গাড়ির ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে। দুমড়ে মুচড়ে যায় গাড়িদুটির একাংশ। তারমধ্যে একটি গাড়ির ভেতর তখন ছিলেন চালকও। আহত হন তিনি।
বিয়ের দুদিনের মাথায় স্বামীকে বিষ মেশানো মিষ্টি খাওয়ালেন স্ত্রী! হুলস্থূল তুফানগঞ্জে
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই গোড়া থেকে উপরে যায় এই গাছটি। আর মাটির তলা থেকে উপরে উঠে আসে বালি। এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে বিধাননগরের মাটির স্বাস্থ্য। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তবুও টনক নড়েনি প্রশাসনের, এমনই অভিযোগ স্থানীয়দের। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় পথচলতি মানুষদের মধ্যেও।