
শেষ আপডেট: 28 July 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশ ধরতে গিয়ে আবার তলিয়ে মৎস্যজীবীদের ট্রলার (Trawler Drowned)। বৃহস্পতিবার বিকেলে গঙ্গাসাগর (Gangasagar) থেকে সমুদ্রে ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন ৮ জন মৎস্যজীবী। আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ছিল সমুদ্র। প্রবল ঢেউয়ে মৎস্যজীবীদের ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা ড্রাম ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা চালান মৎস্যজীবীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মা শীতলা নামে একটি ট্রলারে করে আট মৎস্যজীবী ইলিশের ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। বঙ্গোপসাগরের কাছে সমুদ্র উত্তাল ছিল। ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে ওই ট্রলারটি। ট্রলারে থাকা বেশ কয়েকটি খালি ড্রাম ধরে ভেসে থেকে কোনওক্রমে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন দুর্ঘটনায় পড়া মৎস্যজীবীরা। প্রায় এক ঘণ্টা ধরেই এই ভাবেই চলতে থাকে বাঁচার লড়াই। অবশেষে মা মনসা নামে একটি ট্রলারে থাকা মৎস্যজীবীরা ঘটনাস্থলে এসে ওই আট মৎস্যজীবীকে উদ্ধার করেন।
দুর্ঘটনায় পড়া আট মৎস্যজীবীকে আপাতত পূর্ব মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
কয়েক আগেও পর পর দুটি ট্রলার দুর্ঘটনা ঘটে ছিল। একটি ট্রলারে প্রায় ৮০ টন মাছ ছিল। সেটি ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যায়। সেখানে থাকা ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফেরানো হয়। অন্য দুর্ঘটনায় মাছের ঝাল তুলতে গিয়ে উত্তাল সমুদ্রে হেলে পড়ে নৌকা। তাতে আট মৎস্যজীবী ছিলেন। তাঁদেরও একটি ট্রলারের মৎস্যজীবীরা গিয়ে উদ্ধার করেন। গত কয়েকদিন তিনবার দুর্ঘটনায় পড়ল মৎস্যজীবীদের ট্রলার।
আরও পড়ুন: ঢেউয়ের ঝাপটায় সমুদ্র ডুবে গেল ইলিশ ভর্তি ট্রলার, লক্ষাধিক টাকার ক্ষতি