দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল শুক্রবার দুপুর থেকে, সোমবারও সেই ছবির কোনও বদল হল না। হাওড়া ও শিয়ালদহ থেকে বাতিল করা হল বহু দূরপাল্লার ট্রেন। স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবাও।
একাধিক স্টেশনে অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। সকাল থেকেই বন্ধ কাকদ্বীপ ও নামখানা শাখার লোকাল ট্রেনের যাতায়াত। সপ্তাহের প্রথম কাজের দিনে চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। বারুইপুর-ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনে ওভারহেডের তারে কলাপাতা ও ভেজা চট ফেলে দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার আকড়া স্টেশনে বিক্ষোভকারীদের যে তাণ্ডব হয়েছিল, তার জেরে সোমবারও বন্ধ রয়েছে বজবজ শাখার ট্রেন চলাচল।
হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এ ছাড়া হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুদুচেরী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। আজিমগঞ্জ প্যাসেঞ্জার, কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার, শিয়ালদহ-জঙ্গিপুর, আজিমগঞ্জ-সাহিবগঞ্জ, সাহিবগঞ্জ-ভাগলপুর, মালদা টাউন-আজিমগঞ্জ- সোমবার এই ট্রেনগুলোও বাতিল থাকছে, ঘোষণা করেছে রেল।