দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের বুকিংয়ের জন্য আইআরসিটিসি-র ওয়েবসাইট ঠিক মতো কাজ করবে কিনা সেই আশঙ্কা ছিলই। হলও তাই।
আজ সোমবার বিকেল চারটে থেকে আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চারটে বাজতেই দেখা যায়, ওয়েবসাইট হ্যাঙ করে আছে। এক সঙ্গে প্রচুর মানুষ টিকিট বুকিংয়ের চেষ্টা করার জন্যই হয়তো এমন হয়েছে।
তার আগে রেলমন্ত্রকের জন্য বিশেষ ট্রেনগুলির সে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, কাল মঙ্গলবার হাওড়া থেকে দিল্লির উদ্দেশে একটি স্পেশাল ট্রেন রওনা দেবে। দিল্লি থেকে কলকাতার উদ্দেশে ট্রেন রওনা হবে পরশু ১৩ মে। নয়াদিল্লি ও হাওড়ার মধ্যে এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেসের মতো আসানসোল, ধানবাদ, গয়া, মোঘলসরাই, এলাহাবাদ ও কানপুর সেন্ট্রাল স্টেশনে দাঁড়াবে। ওই ট্রেনটি কাল হাওড়া থেকে ও পরশু দিল্লি কখন ছাড়বে তা টিকিট বুক করার সময় স্পষ্ট করে জানা যাবে। রেল মন্ত্রক জানিয়েছে, সপ্তাহের প্রতিদিনই চলবে।
আরও পড়ুন:
ট্রেন ধরতে হলে হাওড়ায় পৌঁছতে হবে অন্তত দেড় ঘণ্টা আগে, থার্মাল স্ক্রিনিংয়ের পরে অনুমতি, তৈরি হচ্ছে হেলথ ক্যাম্প
শুধু হাওড়া-দিল্লি ট্রেনের সুবিধা পশ্চিমবঙ্গবাসী পাবেন এমন নয়। দক্ষিণবঙ্গের মানুষ যেমন হাওড়া দিল্লি ট্রেনের সুবিধা পাবেন। তেমনই উত্তরবঙ্গের মানুষ দিল্লি থেকে ফেরা বা দিল্লি যাওয়ার জন্য দুটি ট্রেন ব্যবহার করার সুযোগ পাবেন। প্রথম দিল্লি-ডিব্রুগড় ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন তাঁরা।

নয়াদিল্লি ও অসমের ডিব্রুগড়ের মধ্যে যে স্পেশাল ট্রেন চলাচল করবে তা নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে। এই ট্রেনটি দিল্লি ও ডিব্রুগড় থেকে রোজ ছাড়বে। কাল ১২ মে দিল্লি থেকে ডিব্রুগড়ের উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়বে। ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে ট্রেন ছাড়বে ১৪ মে।
এ ছাড়া নয়াদিল্লি আগরতলা ট্রেনটিও নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে। সপ্তাহে একদিন সোমবার নয়াদিল্লি থেকে আগরতলার উদ্দেশে ট্রেন রওনা দেবে। প্রথম ট্রেনটি রওনা হবে ১৮ মে। আবার আগরতলা থেকে প্রতি বুধবার দিল্লির উদ্দেশে ট্রেন রওনা হবে। প্রথম ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ২০ মে।
রেল মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনগুলির ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের মতো। তবে কোনও ক্যাটারিং চার্জ নেওয়া হবে না। ট্রেনে উঠে সামান্য মূল্য দিয়ে খাবার ও পানীয় জল কেনা যাবে।
