
শেষ আপডেট: 19 December 2022 13:48
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চলন্ত ট্রাক্টর পড়ে গেল খোলামুখ খনিতে ( Tractor Fall In Open Coal Mine )! ভয়ঙ্কর দুর্ঘটনা আসানসোলের ( Asansol ) সালানপুর এলাকার মোহনপুর কোলিয়ারিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক্টরের খালাসির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ট্রাক্টরের চালক।
স্থানীয় সূত্রে খবর,খালি ট্রাক্টর নিয়েই বাড়ি ফিরছিলেন চালক ও খালাসি। কিন্তু রাস্তায় আলো না থাকায় চালক খোলামুখ খনি বুঝতে পারেননি। গাড়ি নিয়ে সোজা ৫০ ফুট নিচে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় খালাসি নবীন টুডুর (৪০)। গুরুতর আহত অবস্থায় ট্রাক্টর চালক রাজলাল মুর্মুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মোহনপুর খোলামুখ খনিতে সুরক্ষা বলে কিছু নেই। রাস্তার পাশে কয়লাখনি আছে, কিন্তু গার্ড ওয়াল নেই। সামান্য ফেন্সিং দিয়েই দায় সারা হয়েছে। তার জেরে নিয়মিত দুর্ঘটনা ঘটে। মানুষের পাশাপাশি গরু, কুকুরে মৃত্যু লেগেই থাকে।
বিশ্বকাপেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! আর্জেন্টিনা জিততেই মারামারি বর্ধমান শহরে
ঘটনার খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরাও ঘটনাস্থলে এসে পৌঁছন। তবে দেহ উদ্ধারে আপত্তি জানান পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, আগে খোলামুখ কয়লাখনিগুলোতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।