
শেষ আপডেট: 26 June 2022 06:23
দ্য ওয়াল ব্যুরো: যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালকের (Toto Driver) বচসা ভয়াবহ আকার নিল। আমতায় (Amta) দুজনের মারপিটে মৃত্যু হয়েছে এক টোটো চালকের।
ঘটনাটি ঘটেছে, আমতার নারিট এলাকায়। মৃতের নাম শেখ আনোয়ার (৪৫)। তার বাড়ি পশ্চিম নারিট এলাকায়। অভিযুক্ত টোটো চালকের নাম উত্তম বাগ। তাঁরা দুজনেই একই রুটে টোটো চালাতেন বলে খবর। অভিযুক্ত উত্তম পলাতক।
জানা গেছে শনিবার রাতে নারিট বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে শেখ আনোয়ার আমতা যান। তখনই উত্তম দাবি করেন ওই যাত্রী তাঁর, কিন্তু সেই দাবিতে কর্ণপাত করেননি শেখ আনোয়ার।
নির্দিষ্ট গন্তব্যে যাত্রীদের নামিয়ে ফিরে এলে উত্তম আনোয়ারের উপর চড়াও হয় বলে অভিযোগ। ব্যাপক মারধর করে তাঁকে। আনোয়ার অসুস্থ হয়ে পড়লে অন্যান্য টোটো চালকরা তাঁকে ধরাধরি করে বাড়িতে দিয়ে আসেন।
বাড়িতেও অসুস্থ বোধ করছিলেন শেখ আনোয়ার। তাঁকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা আনোয়ারকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত উত্তমকে গ্রেফতারের দাবিতে স্থানীয়রাই রাস্তা অবরোধ করেন। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান। পুলিশ অনেক চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার রাত পর্যন্ত উত্তমকে গ্রেফতার করা যায়নি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: গৃহকর্তা আর তার বন্ধুদের বিরুদ্ধে নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণের অভিযোগ! তপ্ত ভাঙর