
শেষ আপডেট: 2 November 2022 14:38
দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ অভিনেতা (actor) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আচমকা ব্রেন স্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি এখন কোমায় রয়েছেন। তাঁকে আপাতত ভেন্টিলেশনে (ventilation) রাখা হয়েছে।
গত কয়েক বছর ধরে জীবন-মরণ যুদ্ধের পর ক্যানসারকে জয় করেছেন তিনি। মারণরোগকে হারিয়ে আবার অভিনয় দুনিয়ায় ফিরেওছিলেন। আগের তুলনায় অনেকটাই সুস্থ ছিলেন ঐন্দ্রিলা। এ মাসে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ারও কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ ছন্দপতন। মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার সময় বাড়িতেই ছিলেন এই টেলি অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাওড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বুধবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও একেবারে বিপদমুক্ত তিনি নন। ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা বলছেন, আপাতত তাঁর শরীরের একটা দিক পুরোপুরিই অসাড়। শুধু বাঁ হাত এবং চোখদুটো সামান্য নাড়াচাড়া করতে পারছেন।
ভেন্টিলেশন থেকে বের না করা অবধি চিকিৎসকরা ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে নারাজ। তবে যেহেতু ঐন্দ্রিলার বয়স অনেকটাই কম, তাই ঝুঁকি কিছুটা কম রয়েছে বলেই আশা চিকিৎসকদের। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ শুরু হয়েছে টলিপাড়ায়। তাঁর আগামী সমস্ত শ্যুটিংয়ের কাজও স্থগিত করা হয়েছে। আপাতত ঐন্দ্রিলার সুস্থ হয়ে কাজে ফেরার অপেক্ষাতেই দিন গুনছেন তাঁর সহকর্মীরা।
ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না দেওয়ায় নাবালককে কুপিয়ে খুন, গ্রেফতার দুই