দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই জানা গিয়েছিল, টোকিও অলিম্পিকসের ভিলেজে একজন কোভিড পজিটিভ হয়েছেন। শুক্রবার জানা গেল, কোভিডে আক্রান্ত হয়েছেন অলিম্পিক্সের সঙ্গে যুক্ত ১০০ জনের বেশি। চেকোস্লাভিয়ার খেলোয়াড়রা ইতিমধ্যেই পৌঁছেছেন টোকিওতে। তাঁদের চারজন কোভিডে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ যিনি আক্রান্ত হয়েছেন, তিনি হলেন রোড সাইক্লিস্ট মাইকেল স্লিগেল।
টোকিও অলিম্পিকসের উদ্যোক্তারা শুক্রবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যাঁরা নতুন করে সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন তিনজন অ্যাথলিট, অলিম্পিকসের সঙ্গে যুক্ত ১০ জন, তিনজন সাংবাদিক এবং তিনজন কন্ট্রাকটর। সব মিলিয়ে অলিম্পিকস ভিলেজে করোনা পজিটিভ হয়েছেন ১০৬ জন।
টোকিও-র ন্যাশনাল অলিম্পিকস কমিটি জানিয়েছে, চেক সাইক্লিস্ট স্লিগেলের পিসিআর অ্যানালিসিস করে দেখা গিয়েছে, তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। তিনি ছিলেন ইজুতে সাইক্লিং ভিলেজে। তাঁকে আর প্রতিযোগিতায় নামতে দেওয়া হবে না। সাইক্লিং ভিলেজ থেকে তাঁকে পাঠানো হয়েছে একটি হোটেলে। সেখানে তিনি আইসোলেশনে আছেন।
চেক খেলোয়াড়দের মধ্যে অপর যাঁরা কোভিড পজিটিভ হয়েছেন, তাঁদের মধ্যে আছেন বিচ ভলিবল খেলোয়াড় ওনদ্রেজ পেরুসিক এবং মারকেটা নোউসিচ। সেই সঙ্গে আছেন টেবিল টেনিস খেলোয়াড় পাভেল সিরুসেক। গত বৃহস্পতিবার চেক টিমের ডাক্তার ভ্লাসতিমিল ভোরাসেক কোভিড পজিটিভ হন। তার আগে গেমস ভিলেজে কোভিড পজিটিভ হয়েছিলেন বিচ ভলিবল টিমের এক কোচ।
চিলির তাইকুনডো খেলোয়াড় ফার্নান্ডা অগিরে এবং ডাচ স্কেটবোর্ডার ক্যান্ডি জ্যাকবস টোকিওয় যাওয়ার পরে করোনা পজিটিভ হন। তাঁরা গেমসে অংশগ্রহণ করতে পারবেন না।
জাপানে অনেকেই চাননি এই কোভিড পরিস্থিতির মধ্যে অলিম্পিকস হোক। অলিম্পিক গেমস বাতিল করার জন্য গণস্বাক্ষর অভিযান হয়েছিল। প্রায় সাড়ে তিন লাখ সই সংগ্রহ করে ফেলেছিল অলিম্পিক আয়োজনের বিরোধীপক্ষ। এর মধ্যে দেশের অন্তত ৪০ টি শহর জানায়, তারা অলিম্পিকসের আয়োজন করতে পারবে না। সেই শহরের মেয়রদের ধারণা, করোনা সংক্রমণে তাদের শহরের মানুষের ক্ষতি হতে পারে। বাইরে থেকে অ্যাথলিটরা আসা মানেই বাড়তি ঝুঁকি।
ইবারাকি শহরের উপর দায়িত্ব ছিল অ্যাথলিটদের যেন একটি জরুরিকালীন হাসপাতাল তৈরি রাখা। ওই শহরের গভর্নর কাজুহিকো ওইগাওয়া অলিম্পিক আয়োজক কমিটির অনুরোধ ফিরিয়ে দিয়ে বলেছেন, কঠিন পরিস্থিতিতে তাঁদের পক্ষে কোনও রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেছেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে গেমস বাতিল করাই উচিত। তা না হলে অন্তত পিছিয়ে দেওয়ার কথাই ভাবা হোক।’’ এরই মধ্যে আমেরিকার ট্র্যাক অ্যান্ড ফিল্ড টিম জাপান সফর বাতিল করে দিয়েছে।
কিছুদিন আগে হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস বলেন, “দুর্ভাগ্যজনক ব্যাপার হল, আমরা এখন থার্ড ওয়েভের প্রাথমিক স্তরে রয়েছি।” হু প্রধানের মতে, নানা দেশে সামাজিক যোগাযোগ বেড়েছে। সর্বত্র কোভিড বিধি মেনে চলা হচ্ছে না। তাছাড়া অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্টের জন্যও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।