
শেষ আপডেট: 4 January 2023 05:37
দ্য ওয়াল ব্যুরো: প্রায় উষ্ণ আবহাওয়ার মধ্যেই রাজ্যবাসীকে বর্ষবরণ উদযাপন করতে হলেও চলতি সপ্তাহের শুরু থেকেই খেল দেখাতে শুরু করেছে উত্তুরে হাওয়া। মঙ্গলবার থেকেই ঠান্ডা হওয়ার দাপটে নামতে শুরু করেছিল তাপমাত্রার পারদ। বুধবার তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস (weather report)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার (Kolkata winter) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ডিগ্রি সেলসিয়াস। বুধবার আরও কিছুটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কিন্তু তা সত্ত্বেও উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যজুড়েই পারদপতন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার তা আরও কমে হতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শনি ও রবিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে নামবে পারদ। রবিবারের মধ্যে এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।
আজ বুধবারও রাজ্যজুড়ে কুয়াশার দেখা মিলছে। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হবে। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকা। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়াতে মাঝারি কুয়াশা রয়েছে। তবে বেলা বাড়লে রোদ্দুরের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
লাভ জিহাদের বিরোধিতা আগে! জল, রাস্তার দাবি-- এসব ছোট ইস্যু, বলেছেন বিজেপি নেতা