
শেষ আপডেট: 2 October 2022 04:45
দ্য ওয়াল ব্যুরো: মহাষষ্ঠীর সন্ধ্যাতেই ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি (rain)। প্যান্ডেলমুখী আমজনতার হুল্লোড়ে ক্ষণিকের জন্য ভাটা পড়েছিল। অনেকেই ভেবেছিলেন, বোধনের দিন বৃষ্টি হলেও বাকি দিনগুলোতে চুটিয়ে উপভোগ করবেন পুজো (durga puja)। তবে সে আশায় জল ঢালতে হাজির এবার নিম্নচাপ (depression)।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (weather report), রবিবার, অর্থাৎ সপ্তমীতেও পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর অবস্থিত ঘূর্ণাবর্তের জেরে রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই ঘূর্ণাবর্তের জোড়া ফলায় অষ্টমীতে ভাসতে পারে কলকাতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অষ্টমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। এদিন উত্তরবঙ্গেও অল্পবিস্তর বৃষ্টিপাত হতে পারে।
নবমীর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও কোথাও দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এদিনও দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নবমী থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নবমী নিশি ভাসবে প্রবল বৃষ্টিতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
আমার সব জামা-ই স্ত্রী কিনে দেন! পুজো শপিং নিয়ে আড্ডায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়