
শেষ আপডেট: 29 July 2022 09:19
দ্য ওয়াল ব্যুরো, কালনা: হরিনাম সংকীর্তনের নাম করে তৃণমূল কর্মীকে (TMCP worker) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের (Murdered) অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর (BJP worker) বিরুদ্ধে। কীর্তনে খোল বাজাতে হবে বলে ডেকে নিয়ে যাওয়া হয় তৃণমূল কর্মীকে। তারপর তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে, এমনটাই অভিযোগ।
কালনা থানার বৈদ্যপুর আটগাছিয়ার বুড়ো শিবতলা এলাকায় ঘটনাটি ঘটে। মৃত তৃণমূল কর্মীর নাম দয়াল হাজরা। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম কৃষ্ণচন্দ্র হাতি। গতকাল সন্ধেয় পাড়ার কীর্তনে খোল বাজাতে হবে বলে দয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কৃষ্ণচন্দ্র।
এরপর বিড়ি খেতে যাওয়ার নাম করে নিয়ে যান জঙ্গলের দিকে। সেখানেই দয়ালের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে দেয়। দয়ালের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে আসেন তাঁর দলের লোকজন। তাঁদের অভিযোগ, তখন তাঁরা কৃষ্ণচন্দ্রকে পালিয়ে যেতে দেখেন।
এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতিকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পার্থ-অর্পিতার ধনদৌলতের মতো ইডির বাজেয়াপ্ত টাকা-গয়নার পরিণতি কী হয়