খড়দহে শোভনদেবের সামনেই হাতাহাতি তৃণমূল কর্মীদের, সামাল দিলেন সৌগত
দ্য ওয়াল ব্যুরো: প্রচারের পয়লা দিনটা ভাল গেল না খড়দহ উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। বিঁধে রইল গোষ্ঠী কোন্দলের কাঁটা। তাঁর সামনেই হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ স
শেষ আপডেট: 2 October 2021 10:02
দ্য ওয়াল ব্যুরো: প্রচারের পয়লা দিনটা ভাল গেল না খড়দহ উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী তথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। বিঁধে রইল গোষ্ঠী কোন্দলের কাঁটা। তাঁর সামনেই হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ সামাল দিতে আসরে নামেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।
'স্মার্ট সিটি' নিউটাউনে প্যান্ডেল হপিংয়ে সাইকেল, নতুন উদ্যোগ এনকেডিএ-র
এদিন খড়দহ বাজারে শোভনদেববাবুর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ছিল। সেখানে ব্যাপক জমায়েত করেছিলেন শাসকদলের কর্মী সমর্থকরা। শোভনদেববাবু সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় গণ্ডগোল। কে তাঁকে আগে স্বাগত জানাবেন তা নিয়েই বচসার সূত্রপাত। একসঙ্গে অনেকে মিলে দাবি করতে থাকেন, তাঁরা আগে কৃষিমন্ত্রীকে স্বাগত জানাবেন। এক কথায়, দু’কথায় শুরু হয়ে যায় বচসা। তা গড়ায় হাতাহাতিতে।
শোভনদেববাবু যখন সাংবাদিক সম্মেলন করছেন তখনও একাধিক বার তাঁকে থামতে হয়। কারণ বাইরে তখন প্রবল চিৎকার চলছে। পাশে বসে থাকা সৌগত রায় তখন স্থানীয় এক নেতাকে ডেকে বলেন, সবাইকে চুপ করাও!
একুশের ভোটে খড়দহে তৃণমূলের প্রার্থী ছিলেন কাজল সিনহা। খড়দহের লড়াই ছিল জমজমাটি। কারণ ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে আসা শীলভদ্র দত্তকে। কিন্তু ভোটের ফল ঘোষণার আগের দিন কাজল সিনহা মারা যান। তিনি ভোটের সময় থেকেই কোভিডে আক্রান্ত ছিলেন। ২ মে দেখা যায় শীলভদ্রকে বিপুল ভোটে হারিয়ে জিতেছেন প্রয়াত কাজল। তখনই উপনির্বাচনের জন্য মন তৈরি করে ফেলেছিল খড়দহ। আগামী ৩০ অক্টোবর সেখানে ভোট হবে। তবে এদিন যে ঘটনা ঘটল তাতে অস্বস্তিতে তৃণমূল। তা ছাড়া কোভিড বিধিও লাটে উঠেছিল। নির্বাচনী কার্যালয়ে ছিল ঠাসাঠাসি ভিড়। শোভনদেববাবুও স্বীকার করে নেন, প্রথম দিন, তাই ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। পরের দিন থেকে তা করার চেষ্টা করা হবে। তবে দলীয় কর্মীদের নিজদের মধ্যে হাতাহাতি নিয়ে কিছু বলেননি শোভনদেব।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'