
শেষ আপডেট: 16 November 2022 08:19
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কেশপুরের চড়কা গ্রামে বোমার আঘাতে হাত উড়ল এক তৃণমূল কর্মীর (TMC Worker Injured At Keshpur) । বুধবার দুপুরে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে একটি মিছিলের ডাক দেওয়া হয়। চড়কা গ্রামে তারই তোড়জোড় করছিলেন তৃণমূল কর্মীরা। তখনই তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে হাত উড়ে যায় ওই তৃণমূল কর্মীর। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
মহিলাকে কুপ্রস্তাব! সাসপেন্ড হরিদেবপুর থানার এসআই
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা বলে দাবি বিরোধীদের। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরাই অন্য শিবিরের লোকদের দিকে বোমা ছুড়ে মারে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কিছুদিন আগেই কেশপুরের বিধায়ক শিউলি সাহা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দলের গোষ্ঠীকোন্দল বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই উদাহরণ টেনেই বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, “টাকা নিয়ে পদ পাওয়া তৃণমূলের সংস্কৃতি। আর তাতেই যত বিপত্তি। এখানেও এক শিবির মিছিলে যাওয়ার প্রস্তুতি নিলেও অন্য শিবির তাতে রাজি নয়। এর জেরেই বোমাবাজি।”
অন্যদিকে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানান, দলের কর্মীরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের দিকে বোমা ছুড়ে মারে দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতী যে দলেরই হোক তাকে রেয়াত করা হবে না। এই ঘটনায় বিজেপি ও সিপিএমের উস্কানি রয়েছে বলেও দাবি করেন তিনি।
তৃণমূলের দাবি, অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি ও সিপিএম। এদিকে বুধবার দুপুরে ওই বোমাবাজির ঘটনায় তেতে ওঠে চড়কা গ্রাম। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার পুলিশ। বোমায় জখম তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।