
শেষ আপডেট: 3 July 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দেওয়ালের ক্যানভাসে রং তুলি দিয়ে তৃণমূল প্রার্থীদের নাম লিখছেন বিজেপি প্রার্থী।
বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী হয়েছেন নিলয় চক্রবর্তী। মানুষের কাছে পৌঁছতে হবে। ছোট্ট ছেলে শুভকে নিয়ে তাই প্রতিদিনই সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়ছেন।
সে কাজ সেরে তারপরেই হাতে তুলে নিচ্ছেন রং-তুলি। নিজের তো বটেই, দেওয়াল লিখছেন তাঁর বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়েও। তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনেরও যে বরাত পেয়েছেন তিনি। ১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হয়েছেন সাধনা সরকার।
নিলয়বাবু জানান, তিনি একজন শিল্পী। শিল্প সৃষ্টির মাধ্যমেই জীবিকা নির্বাহ করেন তিনি। এখানে সেটা তাঁর কাজ। ভোটের দিন রাজনীতির ময়দানে লড়াই হবে। সেটা সম্পূর্ণ আলাদা।
এই শিল্প চেতনাতেই যেন বসিরহাটের সংগ্রামপুরে রাজনীতির আঙিনায় সৌভ্রাতৃত্বের আবহ।