
শেষ আপডেট: 29 May 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: সাল, তারিখ, জন্মস্থান ইত্যাদি ঘেঁটে ঘ করে ফেলা রাজনীতিকদের নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান নিয়ে এমন মন্তব্য (Statement on Netajis Birth Place) করেছেন নন্দীগ্রামের বিধায়ক যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্য বয়ে যাচ্ছে। এ নিয়ে শুভেন্দুকে বিঁধেছে তৃণমূলও (TMC Slams Suvendu Adhikari)।
রবিবার শুভেন্দু সভা করতে গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। সেখানে মঞ্চে মাইক হাতে নিয়ে শুভেন্দু জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনাদের এই মাটি, কার জন্য বিখ্যাত সোনারপুর? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য।’
শুভেন্দুর এই কথা শুনে অনেকেই হয়তো অন্য ইতিহাসের কথা ভাবছিলেন। এরপরেই শুভেন্দু বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। আমরা গর্ব অনুভব করি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি আমরা সশরীরে পেতাম। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন।’
এই ফুটেজ নিয়েই হইহই পড়ে গিয়েছে। তৃণমূল বলেছে, ‘নেতাজির জন্মস্থান নিয়ে এ হেন বিকৃত তথ্য দেওয়া আসলে তাঁর অপমান।’ সেইসঙ্গে টুইটে তৃণমূল এও ধরিয়ে দিতে চেয়েছে, নেতাজির জন্মস্থান সোনারপুর নয়। ওড়িশার কটক।
একুশের বিধানসভা ভোটের আগে রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বিভ্রাট ঘটিয়েছিলেন স্বয়ং অমিত শাহ। শান্তিনিকেতনে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘শান্তিনিকেতন হল বিশ্বকবির জন্মস্থান।’ এবারও শাহ রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় ছিলেন। সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে তৃণমূল বলেছিল, যাক এবার অন্তত সঠিকটা জেনে এসেছেন। এর আগে একবার বিজেপি নেতা দিলীপ ঘোষ বলে বসেছিলেন, সহজপাঠ বিদ্যাসাগরের লেখা।
শুভেন্দু যখন কথায় কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দি বলার ধরন, উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন তখন তৃণমূলও কার্যত আদাজল খেয়ে শুভেন্দুকে নাস্তানাবুদ করতে নেমেছে।