
শেষ আপডেট: 6 July 2023 18:16
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে বেনজির ভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বলেছিলেন, পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের হত্যা হচ্ছে। নরক থেকে শয়তানরা উঠে এসেছে। ক্যানিং, ভাঙড়, বাসন্তী, কোচবিহারের হিংসাত্মক হামলা প্রসঙ্গে তাঁর দাবি, ক্ষমতা এখন রক্তাসুরের হাতে। তাঁর সেই ভাষণের পরেই এবার টুইট করে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলিকে উদ্ধৃত করেই রাজ্যপালকে বিঁধেছেন তিনি।
এদিন টুইটে তিনি লিখেছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করেছেন। তাঁর দাবি, রাজ্যপাল মন্ত্রিপরিষদের পরামর্শ ছাড়া কাজ করতে পারেন না। এই প্রসঙ্গে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে বিজেপি নেতা অরুণ জেটলির একটি বক্তব্যকেই হাতিয়ার করেছেন তিনি। লিখেছেন, 'অরুণ জেটলিকে উদ্ধৃত করে বলা যায়, গণতন্ত্র মানে অনির্বাচিতদের অত্যাচার নয়।'
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালের দীর্ঘ ভাষণে রাজ্যপাল বোসের বক্তব্যের পরতে পরতে উঠে এসেছে বাংলার রাজনৈতিক হিংসার কথা। কখনও রবীন্দ্রনাথ, কখনও শেক্সপিয়ারকে উদ্ধৃত করে রাজ্যপাল বলেন, নরক থেকে শয়তান উঠে এসেছে। 'পঞ্চায়েত ভোটে যদি গণতন্ত্রের হত্যা হয় তাহলে খুনি কে? কে খুনি? ওহে রাজ্য নির্বাচন কমিশন, তুমি কি দয়া করে হাত তুলবে? কারণ তোমার জানা উচিত খুনি কে!' এভাবেই নির্বাচন কমিশনের প্রতি তোপ দাগেন তিনি। এমনকী, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা কর্তব্য পালনের ডাহা ফেল করেছেন বলেও দাবি তাঁর।
পঞ্চায়েতে নরক থেকে শয়তান জেগে উঠেছে, রক্তাসুরের হাতে ক্ষমতা: কষাঘাত রাজ্যপালের
তারপর পাল্টা বাক্যবাণে তাঁকে বিঁধেছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। এমনকী, তাঁকে সরাসরি বিজেপির এজেন্ট বলে দাবি করে কুণালের হুঁশিয়ারি, '১১জুলাইয়ের পর বাক্স প্যাটরা নিয়ে তৈরি থাকুন।' এবার বিজেপি নেতার বক্তব্য উদ্ধৃত করে সেই অস্ত্রেই তাঁকে ঘায়েল করার চেষ্টা করলেন সুখেন্দুশেখরও।
বাক্স, প্যাঁটরা নিয়ে তৈরি থাকুন, রাজ্যপালকে হুঁশিয়ারি কুণালের