
শেষ আপডেট: 12 June 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ময়নাগুড়ির পর এবার রাজগঞ্জে তৃণমূলে ভাঙন। নেতৃত্বের উপর 'অভিমান' করে দু'শো অনুগামীকে নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রামপঞ্চায়েতের প্রধান রঞ্জিতা রায়।এই ঘটনায় হইচই শুরু হয়েছে।
সোমবার সন্ধয় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা ময়দানে একটি সভা ডেকেছিল বিজেপি। সেখানে গেরুয়া পতাকা হাতে তুলে নেন রঞ্জিতাদেবী, তাঁর স্বামী বিষ্ণুপদ রায় সহ তাঁর বহু অনুগামী। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ির জেলার সভাপতি বাপি গোস্বামী, বিজেপি নেতা অর্জুন মন্ডল,তপন রায়, নকুল দাস সহ স্থানীয় নেতারা।
বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, 'রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান রঞ্জিতা রায় সহ কিছু কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আমরা এই এলাকায় ভালো ফল করবই।'
বিজেপিতে যোগদান দিয়ে রঞ্জিতাদেবী জানান, তৃণমূল কংগ্রেস দল ভাল। কিন্তু নেতৃত্ব ভাল নয়।এলাকার নেতারা ভাল নয়। তাই কাজ করতে অসুবিধা হচ্ছিল। সেই কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।
দলের এক পঞ্চায়েত প্রধানের ভোটের মুখে দল বদল করা নিয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় জানান, 'যারা বিজেপিতে যোগ দিলেন তাঁরা প্রচুর দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তলে তলে বিজেপির সঙ্গে যোগ রাখছিলেন। তাঁরা দল ছেড়ে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না।'
বিরোধীদের পাশে তৃণমূলের রবি, মনোনয়নে বাধা দিলে কর্মীদের চিনে ব্যবস্থা নেবেন