
দুঃখ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক
শেষ আপডেট: 1 July 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চোপড়ার নজিরবিহীন ঘটনায় তৃণমূল নেতা তাজম্মুল ওরফে জেসিবিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠেছিল রবিবার। সেই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক দাবি করলেন, তিনি বা তাঁর দল এই ধরনের কাজকে সমর্থন করে না। তিনি বললেন, "আমি মেনে নিচ্ছি, ওই জায়গায় জাতপাত সংক্রান্ত সমস্যা হলে সালিশি সভা হয়। তবে একে আমি বা আমার দল একদমই সমর্থন করি না। আমার নামে অপপ্রচার হচ্ছে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’’ ঘটনায় দুঃখপ্রকাশও করলেন তিনি।
রবিবার দুপুরে চোপড়ার তৃণমূল নেতা তাজম্মুলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন তাজম্মুল। যন্ত্রণায় কাতর হওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে তুলে ফের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলছে মার। একইভাবে মারধর করতে দেখা যায় এক তরুণকেও। দ্য ওয়াল অবশ্য এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে সাড়া পড়ে। রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ওই ভিডিও প্রকাশ করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লিখেছিলেন, ‘‘সালিশি সভাও নয়। অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থাকে দুরমুশ করা হচ্ছে চোপড়ায়।’’ পরে ওই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লেখেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে থাকা বাংলার কুৎসিত মুখ।... প্রত্যেক গ্রামেই সন্দেশখালি রয়েছে।’’ বিকেলের পরেই ইসলামপুরের পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতার করে ওই তৃণমূল নেতাকে। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানান, যে ঘটনার প্রেক্ষিতে রবিবার চোপড়ার ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেটি দিন দুয়েক আগে চোপড়ার লক্ষ্মীপুরে ঘটেছিল।
বাংলার এই ঘটনায় আঁচ লেগেছে জাতীয় রাজনীতিতেও। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের আরও একটি ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে এসেছে। আরও খারাপ যে তৃণমূলের বিধায়ক এবং ক্যাডাররা বিষয়টিকে মান্যতা দিচ্ছেন।’’ ঘটনার কড়া সমালোচনা করেছেন বালুরঘাটের সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও।