
শেষ আপডেট: 3 October 2022 09:11
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মন্দারমণির (Mandarmani) সি বিচে (sea beach) গাড়ি চালিয়ে (driving) এবার নতুন করে বিতর্ক উস্কে দিলেন তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, নাতি ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একই গাড়িতে রয়েছেন মদন। তাঁর হাতেই চারচাকার স্টিয়ারিং। রীতিমতো খোশমেজাজে সেই ভিডিওয় ধরা দেন তিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি কীভাবে আইন ভাঙলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এখন শহর থেকে বেশ দূরেই পরিবারের সঙ্গে একান্তে দুর্গাপুজোর ছুটি উপভোগ করছেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিম্নচাপের শঙ্কা পুরোপুরি না কাটলেও মন্দারমণিতে এখন ফুরফুরে আবহাওয়া। আর সেখানেই একেবারে খোশমেজাজে ধরা দিলেন 'কালারফুল বয়' মদন।
মন্দারমণির সমুদ্র সৈকতে নাতিকে গাড়িতে চাপিয়ে স্টিয়ারিং হাতে নিয়েছিলেন মদন মিত্র। সঙ্গে ছিলেন পরিবারের আরও কয়েকজন। আর এই ছবিকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ সমুদ্র সৈকতে গাড়ি চালানো নিষিদ্ধ। একজন বিধায়ক হয়ে তিনি এভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ভিডিওটি পোস্ট হওয়ার পরেই তৃণমূল নেতাকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, 'যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সমুদ্রতট বাঁচানো নিয়ে চিন্তাভাবনা করছেন তখন তৃণমূলের এক উচ্ছৃঙ্খল নেতা আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্র সৈকতে গাড়ি চালাচ্ছেন নিজের পরিবারকে সঙ্গে নিয়ে।'