
শেষ আপডেট: 14 September 2022 15:35
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভিডিওকলে নগ্ন ছবি দেখিয়ে সেক্সটরশনের (sextortion) পন্থা নতুন নয়। বিগত কয়েকমাসে এরকম একাধিক ঘটনার অভিযোগ এসেছে সাইবার ক্রাইমের হাতে। দুর্বৃত্তদের ফাঁদে পড়ে বিভিন্ন মানুষকে প্রতারনার শিকার হতে হচ্ছে। এবার চুঁচুড়ার তৃণমূল (TMC) বিধায়ক (MLA) অসিত মজুমদারের (Asit Majumder) সঙ্গেও একই ঘটনা ঘটল।
সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর সকালে বিধায়ক অসিত মজুমদারের মোবাইলে একটি ভিডিওকল (video call) আসে। তিনি কল রিসিভ করতেই মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে এক নগ্ন মহিলার ছবি। তা দেখে ঘাবড়ে যান অসিতবাবু। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওকলটি কেটে দেন। বিধায়কের অভিযোগ, কল কেটে দেওয়ার পরে পরপর তিনবার সেই একই নম্বর থেকে কল আসে। কিন্তু তিনি আর রিসিভ করেননি।
তারপরের দিন দিল্লি পুলিশের অফিসার পরিচয় দিয়ে একজন হোয়াটসঅ্যাপে (WhatsApp) ভয়েস কল করেন। বিধায়ক তাকে বলেন হোয়াটসঅ্যাপে ফোন না করে এমনি ভয়েস কল করতে। তখন সেই ব্যক্তি অসিতবাবুকে মেসেজ করে জানায় ওই সেক্স কলের ছবিটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। সেকথা শুনে বিধায়ক তাকে বলেন, 'আপনি পুলিশ নন, বোঝা গেছে। আর ব্ল্যাকমেল করে লাভ নেই।'
এরপরই চুঁচুড়া থানার মাধ্যমে চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান বিধায়ক। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, 'আমাকে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করেছিল প্রতারকরা। আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছি।' এরপর বিধায়ক জানান, 'আমার ফোনে অনেকেই ভিডিওকল করে এলাকার অভাব অভিযোগের কথা জানান। তাই ভিডিওকল রিসিভ করি। তবে এবার থেকে সতর্ক থাকতে হবে।'