দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গে খুন তৃণমূল নেতা। অভিযোগের তির বিজেপির দিকে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে।
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলে। প্রতিদিনের মতো এদিনও কাশেমনগর বাজার থেকে মোটর সাইকেলে একাই বাড়ি ফিরছিলেন লাখুরিয়ার অঞ্চল সভাপতি অসীম দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তায় দুষ্কৃতীরা দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অসীম দাসকে।
গুলির শব্দ শুনে বেরিয়ে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই অসীম দাসকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাসকে গুলি করে খুন করেছে বলে অভিযোগ জানান মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী। বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এটা পুরোপুরি টাকা পয়সার ভাগ নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূলের লোকেরাই তৃণমূল নেতাকে খুন করেছে।
লাখুরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক, উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মঙ্গলকোট থানার পুলিশ। উত্তেজনা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । গোটা ঘটনার তদন্তে নেমেছে মঙ্গলকোট থানার পুলিশ।
এমনিতে মঙ্গলকোট চিরকালই রাজনৈতিক ভাবে উত্তেজনাপ্রবণ। বোমা, বন্দুক, মাস্কেট বাহিনীর দাপট সেই বাম জমানা থেকে দেখে আসছে এই জনপদ। তৃণমূল জমানাতেও মাঝেমধ্যেই রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে এই অঞ্চলে। এবার একেবারে খুনই হয়ে যেতে হল শাসকদলের অঞ্চল সভাপতিকে।