
শেষ আপডেট: 13 August 2023 06:20
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভোট পরবর্তী হিংসায় বলি আরও এক। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় (Haroa) রাতের অন্ধকারে খুন হয়ে গেলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader Murder)। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন তিনি। জিতেওছিলেন। মৃতের নাম শেখ সাহেব আলি।
ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সাহেব। তিনি বসেছিলেন বাইকের পিছনে। সামলা বাজার চত্বরে আসতেই ১০-১৫ জন দুষ্কৃতী ঘিরে ধরে বাইকটি। তারপরই সাহেব আলিকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে।
গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাহেব আলির দেহ। বাইক থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাড়োয়া থানার পুলিশ। তারাই সাহেব আলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তৃণমূল নেতার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকা। অটো বাইক ভাঙচুর করছেন সাহেব আলির অনুগামীরা। স্থানীয়রা বিক্ষোভও দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী! গতবার অনুদান বেড়েছিল, এবারে কী চমক থাকবে