
শেষ আপডেট: 10 February 2023 14:55
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক থেকে নেওয়া লোন (loan) পরিশোধ করেননি তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য (TMC leader)। বারবার বলার পরেও ব্যাঙ্কের কথায় কান দেননি তিনি। শেষ অবধি শুক্রবার সকালে তাঁর বাড়িতে এসে বাড়ি এবং কারখানা সিল (seal) করে দিয়ে চলে গেল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে জোর উত্তেজনা ছড়ায় মালদহের (Maldah) রতুয়ার গোবরজনা এলাকায়।
জানা গেছে, ওই পঞ্চায়েত সদস্যের নাম তপন মণ্ডল। তিনি আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত সদস্য। আইনি নির্দেশ মতই পুলিশ প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এদিন তাঁর বাড়ি ও মুড়ির কারখানা সিল করে দেওয়া হয়। কর্তৃপক্ষের অভিযোগ, ২০০৮ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ৩৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। এরপর মাঝে কেটে গিয়েছে দীর্ঘ কয়েক বছর। এই সময়কালে একাধিকবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে তাঁকে লোন পরিশোধ করতে বলা হলেও তিনি গা করেননি।
অবশেষে শুক্রবার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা তপন মণ্ডলের বাড়িতে যান। এরপর ওই তৃণমূল নেতার বাড়ি ও মুড়ির মিল সিল করে দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি নির্দেশ মতোই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও এই নিয়ে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিক্ষক বদলি নীতির আমূল পরিবর্তন! হাইকোর্টের নির্দেশের পরেই পাল্টাল নিয়ম