
শেষ আপডেট: 29 July 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ১২ নম্বর জাতীয় সড়কের পাশের সেই হোটেল। দেখতে সাধারণ হলেও রয়েছে একটি বিশেষত্ব। সেই হোটেলটি (restaurant) পুরোটাই মহিলাদের দ্বারা পরিচালিত। আর সেখানেই কিনা মদ খেয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিদায়ী প্রধানের দাদার বিরুদ্ধে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলেও দাবি করেছেন সেখানকার কর্মীদের একাংশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Shantipur) থানা এলাকার ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়।
অভিযোগ, শান্তিপুর ব্লকের নবলা গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান সুদীপ প্রামাণিকের দাদা অমৃত প্রামাণিক এবং তাঁর সাগরেদ নারায়ণ ঘোষ শুক্রবার রাত প্রায় এগারোটা নাগাদ ওই রেস্তোরাঁয় যান। দু’জনেই তখন মদ খেয়ে ছিলেন। মদ্যপ অবস্থায় সেখানে ঢুকেই মহিলা কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করেন তাঁরা। সেই সময় রেস্তোরাঁর মালকিনের স্বামী অচিন্ত্য বিশ্বাস প্রতিবাদ করতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে ওই দুই তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি। তাঁর ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
এরপর রাতেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বিদায়ী প্রধানের দাদার সেই সাগরেদকে গ্রেফতার করে। যদিও তৃণমূল নেতার দাদাকে ধরতে পারেনি পুলিশ। তিনি আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেন। এদিকে দাদার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন বিদায় গ্রাম পঞ্চায়েত প্রধান সুদীপ প্রামাণিক। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, দাদা এমন কাজ করতে পারেন না। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
সিকিউরিটি গার্ডকে সপাটে চড় তৃণমূল মেয়র পারিষদের, সাফাই ‘অভিভাবকের কাজ করেছি!’