
শেষ আপডেট: 15 August 2023 19:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত নির্বাচনের পরেও হিংসার চিত্র বদলাল না। স্বাধীনতা দিবসেও রাজনৈতিক হানাহানি দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়ায় (Chopra)। অভিযোগ, মঙ্গলবার সন্ধেয় চোপড়া বিধানসভা এলাকার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি এলাকায় তৃণমূলের (TMC) দুই গোষ্ঠীর (inner clash) মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন।
সূত্রের খবর, শাসকদলের গোষ্ঠীসংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতি আবদুল হকের দিকে। তাঁর নেতৃত্বেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। যদিও আহত এক তৃণমূল কর্মীর দাবি, নির্দলেরা এই গুলি চালিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে জেলায়। আহতদের উদ্ধার করে রাতেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী ফজলুল হব্বি বলেন, "আমরা জাহেদুলের লোক। স্বাধীনতা দিবস উপলক্ষে তৃণমূলের একটা মিটিংয়ে গিয়েছিলাম। সেখানেই আমাদের উপর হামলা চালানো হয়। আমাদের প্রায় ১৫ জন কর্মী আহত হয়েছেন।" গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় রাস্তায় রুটমার্চ করছে পুলিশ।
স্বাধীনতা দিবসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন তরুণ! আসানসোলে মর্মান্তিক ঘটনা