
শেষ আপডেট: 18 February 2024 20:40
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: জোর করে তৃণমূলের সহায়তা কেন্দ্র তুলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। পরে এলাকাকে শান্ত রাখতে পুলিশ পিকেট বসানো হয় সেখানে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যে জব হোল্ডারদের ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে, তাঁদের বকেয়া টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, রাজ্যের জেলাগুলিতে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দোরান ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের যমেরডাঙা প্রাইমারি স্কুলের মাঠে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রকৃত জব হোল্ডারদের নাম নথিভুক্ত করার কাজ চলছি এদিন। আচমকাই ওই সহায়তা কেন্দ্রে হামলার চলে। সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেয় বেশ কয়েকজন।
তৃণমূলের অভিযোগ, বিজেপি লোকজনই এই কাণ্ড ঘটিয়েছে। রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এখন রাজ্য শ্রমিকদের বকেয়া টাকা ফেরত দেওয়ার উদ্যোগী হয়েছে। সেখানেও বাধা দিচ্ছে বিজেপি। যদিও বিজেপির অভিযোগ টাকা দিয়ে মানুষের এই ভাবে মুখ বন্ধ করা যাবে না।