
শেষ আপডেট: 31 October 2022 09:07
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: খোদ ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক বক্তৃতা দিলেন দলেরই নেতা-নেত্রীদের একাংশ। গলসিতে (Galsi) তুঙ্গে উঠল শাসকদলের গোষ্ঠী কোন্দল (TMC Group Clash)।
রবিবার সন্ধ্যায় গলসির পুরসা গ্রামে কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক এসসি-ওবিসি সেল। সেই সভামঞ্চে দাঁড়িয়ে গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জীর বিরুদ্ধে সরব হলেন দলেরই নেতাদের একাংশ। আর এতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ছাত্র নেতা তাপস সোমকে থামিয়ে কর্মীদের শান্ত হওয়ার বার্তা দেন প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন।
রবিবার গলসি ১ নম্বর ব্লকের ঘাগরা গ্রামের তৃণমূল কর্মী বকুল মোল্লা আক্রান্ত হন। অভিযোগ, তাঁকে একা পেয়ে মেরে তাঁর হাত-পা ভেঙে দেয় দলের অপর গোষ্ঠীর লোকজন। এই ঘটনার জেরেই রবিবার সন্ধ্যায় কর্মিসভার আয়োজন করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন ও তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি তাপস সোম।
সভামঞ্চেই তাপস সোম রীতিমতো হুমকি দিয়ে ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জীর উদ্দেশে বলেন, “ডেট করে একদিন দেখা যাক কার কত শক্তি।” অন্যদিকে প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন বলেন, “বকুল মোল্লা দলের পুরনো কর্মী। তাঁকে মারধর করা হয়েছে। বর্তমান ব্লক সভাপতি নব্য তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চলছেন। পুরনো কর্মীদের বাদ দিয়ে দলের কর্মসূচি নেওয়া হচ্ছে।”
ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চ্যাটার্জীর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, “কে কী বলল, সেই নিয়ে আমি কোনও মন্তব্য করব না। এলাকায় গেলেও জানতে পারবেন আমি কীভাবে চলি।”
গুজরাতে ব্রিজ ভাঙায় কেন নড়ে বসল নবান্ন, পোস্তা-মাঝেরহাটের স্মৃতি এখনও দগদগে