
শেষ আপডেট: 12 June 2023 08:05
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বারাবনি বিধানসভা কেন্দ্র। মনোনয়নের প্রথম দিন থেকেই বারবার তেতে উঠেছে বারাবনি ব্লক। মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে গোটা এলাকা। সালানপুর ব্লকে কিন্তু অন্য ছবি। এখানে গোলাপ ফুল দিয়ে বিরোধীদের স্বাগত জানানো হচ্ছে। আপ্যায়নে চা-জলও।
সোমবার মনোনয়ন পর্ব শুরুর আগে সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে এসে জড়ো হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চা-জল আর গোলাপফুল নিয়ে তৈরি হয়েই এসেছিলেন তাঁরা। বিজেপি ও সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসতেই, হাতে হাতে গোলাপ ফুল তুলে দিয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানান তাঁরা। গরমে তেতেপুড়ে আসা বিরোধীদলের নেতা কর্মীদের জল খাওয়ান। আপ্যায়ন করেন চা খাইয়েও।
ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং বলেন, “এই ব্লকে আমরা কোনও ঝামেলা বা দ্বন্দ্ব চাই না। আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। সবাই যেন মনোনয়ন জমা করতে পারে সেদিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল জল দিয়ে স্বাগতম জানাচ্ছি।” তাঁর দাবি, ঝামেলা নয় উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে। উন্নয়নই সালানপুর ব্লকে তৃণমূলের জয় নিশ্চিত করবে। এরজন্য মারামারি করার কোনও দরকার নেই।
শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। তাঁরা বলেন, “পরিস্থিতি এমন থাকলে ব্লকে কোনও ঝামেলা বা অশান্তি থাকবে না। শান্তিতেই মিটবে ভোটপর্ব।”
শুভেন্দু সশরীরে হাইকোর্টে, পঞ্চায়েত মামলার শুনানি শুনছেন বিরোধী দলনেতা