
শেষ আপডেট: 28 August 2022 18:12
দ্য ওয়াল ব্যুরো: বাগদার (Bagda) গ্রামে এক তরুণীকে ধর্ষণের (Rape) অভিযোগে দুই বিএসএফ (BSF) জওয়ানকে গ্রেফতার (Arrested) করেছে পুলিশ। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা এই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে শনিবারই তৃণমূল (TMC) ঘোষণা করেছিল, রবিবার ওই গ্রামে প্রতিনিধিদল পাঠাবে তারা। দেখা গেল টোটোয় চেপে পটল খেতের মাঝখানের রাস্তা দিয়ে অকুস্থলে পৌঁছলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, মমতাবালা ঠাকুর, পার্থ ভৌমিকরা (Delegates)। ছিলেন বাগদায় বিজেপির টিকিটে ভোটে জিতে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক বিশ্বজিৎ দাসও।

এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। তারপর ওই এলাকায় একটি সভাও করে তৃণমূল। সেই সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন কুণাল-শশীরা।
এদিন কুণাল বলেন, "কাশীপুরে একজনের মৃত্যু নিয়ে শকুনের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। কই আজ এখানে আসতে পারছেন না?" এমনিতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ করে বিজেপি। বাগদায় দাঁড়িয়ে সেই লোক ঢোকানোর অভিযোগ বিএসএফের ঘাড়ে চাপাল তৃণমূল। কুণাল বলেন, স্থানীয়রা তাঁদের কাছে অভিযোগ জানান, ফেন্সিংয়ে মানুষ গলার মতো ফাঁক করে রাখা হয়েছে। সেখান দিয়ে লোক ঢুকছে।

প্রসঙ্গত, নির্বাসন থেকে শনিবারই তৃণমূল মুখপাত্র হিসেবে ফের আভির্ভাব হয়েছিল কুণালের। কিন্তু শনিবার বিকেলে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কে কে থাকবেন তখন তিনি তালিকা দিতে পারেননি। দেখা গেল রবিবার সেই কুণাল ছিলেন বাগদার প্রতিনিধিদলের অন্যতম মুখ।
পাচার বিতর্কের মধ্যে ধর্ষণে অভিযুক্ত বিএসএফ, কোমর বেঁধে নামল তৃণমূল